প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 15, 2026 ইং
চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর-পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার অনুপামপুর কলোনিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—অনুপামপুর কলোনিপাড়া গ্রামের মৃত রেকাত আলীর ছেলে শমসের আলী (৬০) এবং তার ছেলে শরিফুল ইসলামের স্ত্রী তানিয়া বেগম (২৫)।
স্থানীয়দের বরাত দিয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য তাকদিরুল ইসলাম জানান, শুক্রবার দুপুরের দিকে বাড়ির ভেতরে একটি ভ্যান বিদ্যুতের মাধ্যমে চার্জে দেওয়া ছিল। ওই বিদ্যুৎ সংযোগের একটি তার বাড়ির পাশের গোয়ালঘরের দিকে নেওয়া হয়েছিল। তারটির পাশেই কাপড় শুকানোর জন্য একটি দড়ি টাঙানো ছিল।
দুপুরে তানিয়া বেগম ওই দড়িতে ভেজা কাপড় শুকাতে দিলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় দেখে শ্বশুর শমসের আলী দ্রুত এগিয়ে এসে তাকে বাঁচানোর চেষ্টা করেন। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধারের চেষ্টা করলেও ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়। একই পরিবারের শ্বশুর ও পুত্রবধূর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, বিদ্যুতের সংযোগের তার ও কাপড় শুকানোর দড়ি পাশাপাশি থাকায় এ দুর্ঘটনা ঘটতে পারে। অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুই সদস্যের প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক শোকের সৃষ্টি করেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে অনুপামপুর কলোনিপাড়ার পরিবেশ।
© দৈনিক চেতনার কন্ঠ